কোনো লোগো নেই, বিজ্ঞপ্তিতে জানাল জামায়াত
জামায়াতে ইসলামী বলেছে, দলটির কোনো লোগো নেই। নতুন করে কোনো লোগো তারা করেননি। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণসহ কয়েকটি গণমাধ্যমে জামায়াতের লোগো পরিবর্তনের কথা বলা হয়। এ নিয়ে সৃষ্ট বিতর্কের পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
আজ বুধবার জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
প্রচার বিভাগের পক্ষে এন আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনিম আলম বলেছেন, কোনো সংগঠনের গঠনতন্ত্রই লোগো বহন করে। নির্বাচন কমিশনে জমা দেওয়া জামায়াতের সর্বশেষ সংশোধিত গঠনতন্ত্রে কোনো লোগো নেই। নতুন করে কোনো লোগো চালু করাও হয়নি। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন লোগো যুক্ত করে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়েছে। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে পুরোনো লোগো ব্যবহার করে প্রেস বিজ্ঞপ্তি ও বিবৃতি পাঠানো হতো। এ ছাড়া গত চার-পাঁচ মাস দলটি সাদা কাগজে বিবৃতি পাঠাত।
গতকাল মঙ্গলবার জামায়াত গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়। সেখানে একটি লোগো ছিল, যেটি নিউজে সংযুক্ত করা হয়েছে। নতুন লোগোটি জাতীয় পতাকার রং লাল-সবুজের আদলে করা হয়েছে। নতুন লোগোতে লাল রঙের অংশে বাংলাদেশ এবং সবুজ রঙের অংশে জামায়াতে ইসলামী লেখা আছে।
২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার জন্য ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হয়।
আরও পড়ুন:
জামায়াতের লোগো পরিবর্তন?