নীলফামারীর ডোমার ও কিশোরগঞ্জে ইউপি নির্বাচন
কোন্দল ও মনোনয়ন-বাণিজ্যে আ.লীগ প্রার্থীর পরাজয়?
চতুর্থ দফায় গত শনিবার নীলফামারীর কিশোরগঞ্জ ও ডোমারের ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ, দুটিতে জাতীয় পাটি ও দশটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তবে ডোমারের দশ ইউপির চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ ও কিশোরগঞ্জের নয়টির চারটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।
ওই ১৯ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
আওয়ামী লীগের ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে দলের কয়েকজন নেতা-কর্মী মনে করছেন, দলীয় কোন্দল, তৃণমূলের মতামত উপেক্ষা, স্বজনপ্রীতি ও মনোনয়ন-বাণিজ্যের কারণে এ বিপর্যয় হয়েছে।
এ বিষয়ে ডোমার সদর ইউপির ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী বলেন, ‘আমাদের ইউনিয়নে আমরা তৃণমূলের ভোটে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদকে প্রার্থী করি। কিন্তু কেন্দ্রে মাসুম আহম্মেদের নাম না পাঠিয়ে গোপনে আরেকজনের নাম পাঠানো হয়। এ কারণে এখানে নৌকার পরাজয় হয়।’
ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ বলেন, ‘আমাদের প্রার্থী নির্বাচন ভালো হয়নি। প্রার্থী বাছাইয়ে স্বজনপ্রীতি ও মনোনয়ন-বাণিজ্যের কথা শোনা যাচ্ছে। এ কাজে বেশি নেতা-কর্মী জড়িত ছিলেন না। দুই-একজন ছিলেন।’
বামুনিয়া ইউপিতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মনোরঞ্জন রায় বলেন, ‘আমাকে মনোনয়ন দেওয়া হলেও আমি আমার ব্যক্তিগত ভালোবাসার ভোট পেয়েছি, নৌকা প্রতীকের ভোট পাইনি। এখানে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ওয়াহেদুজ্জামান জিতেছেন, তাঁর মামাশ্বশুর আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম স্থানীয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে ওয়াহেদুজ্জামানের পক্ষে কাজ করেছেন। এরপরও দলীয়ভাবে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বলেন, ‘আমরা তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই করছি, তৃণমূলের ভোটে যাঁরা হেরে গেছেন তাঁরা পাল্টা কাজ করেছেন। শুধু ডোমার সদর ইউনিয়ন ছাড়া বাকি সব ইউনিয়নে তৃণমূলের মতামতে প্রার্থী দেওয়া হয়েছে।’ মনোনয়ন-বাণিজ্যের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘কে আমাকে টাকা দিয়েছেন সেটা বলুক।’
কিশোরগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফণীভূষণ মজুমদার বলেন, ‘কিশোরগঞ্জে প্রকৃত নেতাকে নৌকা দেওয়া হয়নি। যে চারটিতে প্রকৃত নেতা নৌকা পেয়েছেন, ওই চারটিতে তাঁরা জিতেছেন। এখানে মনোনয়ন-বাণিজ্যের কারণে তৃণমূলের মতামতও নেওয়া হয়নি।’
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এসরারুল হক বলেন, ‘এখানে মনোনয়ন দিতে সমস্যা হয়েছে। যাঁরা পাওয়ার কথা ছিল তাঁরা পাননি।’ মনোনয়ন-বাণিজ্যের কথা অস্বীকার করে তিনি বলেন, ‘একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন, তৃণমূল একাধিক প্রার্থী দিয়েছেন, আমরা তাই পাঠিয়েছি।’