খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। কিন্তু দলটিতে সাংগঠনিক সক্রিয়তাও নেই। অযোগ্য ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া, সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি না থাকাকে নিষ্ক্রিয়তার কারণ হিসেবে দেখছেন নেতা-কর্মীরা।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিলের দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিদের অধিকাংশই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগত ও আস্থাভাজন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির অন্তত তিনজন নেতা প্রথম আলোকে বলেন, যাঁরা দলের পোড় খাওয়া ও নিবেদিতপ্রাণ নেতা, তাঁরা জেলা কমিটিতে স্থান পাননি। যাঁদের নেওয়া হয়েছে, তাঁদের দলীয় কাজে অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার নজির নেই। জেলার দুই শীর্ষ নেতার প্রতি অনুগত ব্যক্তিরাই কমিটিতে স্থান পেয়েছেন। ফলে মুষ্টিমেয় কয়েকজনের সাংগঠনিক ক্ষমতা কুক্ষিগত করে রাখার সুযোগ তৈরি হয়েছে।
২০১২ সালের ১২ নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ২০১৪ সালের অক্টোবরে। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ার প্রায় এক বছর হতে চললেও এখন পর্যন্ত জেলা কার্যকরী কমিটির একটি বৈঠকও হয়নি। সম্প্রতি জেলা কমিটির বর্ধিত সভা হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ২০টি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটির দায়িত্ব, কর্মপন্থা ও কাজের পরিকল্পনা নির্ধারণ করে দেওয়া হয়নি।
জেলা কমিটির সহসভাপতি মইনুল হোসেন খান প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কর্মসূচি ছাড়া কোনো দল চলতে পারে না। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পরিকল্পনা নেই। ফলে সংগঠন অনেকটাই স্থবির। মূল দল ও সহযোগী সংগঠনের মধ্যে সমন্বয় নেই।
জেলা সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা দলীয় সাংসদ। তিনি সংগঠনকে ততটা সময় দিতে পারছেন না বলে অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন।
আবার চেয়ারম্যানসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যসংখ্যা ১৫ জন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা এই পরিষদে নিয়োগ পেয়েছেন। তাঁরা জেলা পরিষদের কাজকর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকেন। ফলে সাংগঠনিক কাজে তাঁদের মনোযোগ কমে গেছে বলে অনেক নেতা-কর্মী অভিযোগ করেছেন।
জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রথম আলোর কাছে দাবি করেন, স্বাভাবিকভাবেই সাংগঠনিক কার্যক্রম চলছে। তবে নেতা-কর্মীদের আরও সক্রিয় হওয়া দরকার। দলকে সুসংগঠিত করা দরকার। তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলের প্রস্তুতি চলছে। এসব কাউন্সিল শেষ করে আগামী অক্টোবর ও নভেম্বরে উপজেলা কাউন্সিল সম্পন্ন করা হবে। আশা করা যায়, এসব কাউন্সিলের মাধ্যমে সংগঠন যোগ্য নেতৃত্ব পাবে।