কোন্দলে বিএনপির বিপর্যয়
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ভরাডুবি হয়েছে। ১১টি ইউপির কোনোটিতেই বিএনপির কেউ চেয়ারম্যান পদে জয়ী হতে পারেননি। কয়েকজন প্রার্থী ভরাডুবির জন্য উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১১টি ইউপির সাতটিতে আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী জয় পান। ১১টি ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জয় পাননি।
পরাজিত প্রার্থী ও দলীয় সূত্রে জানা যায়, ১১টি ইউপিতে বিএনপির একক প্রার্থী ছিল। দলীয় ভোট ঠিকমতো পেলে কয়েকটিতে বিএনপির প্রার্থীর জয়ের সুযোগ ছিল। কিন্তু উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলীয় ভোটও পাননি প্রার্থীরা। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ ও সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ। এদিকে ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ শাহ নুরুল কবীর ওই কমিটি মেনে না নিয়ে নিজেকে উপজেলা বিএনপির সভাপতি দাবি করে আসছেন। এতে নেতা-কর্মীরাও বিভক্ত। ইউপি নির্বাচনে এ বিভক্তির প্রভাব পড়েছে। প্রার্থীদের অভিযোগ, নুরুল কবীর ও লুৎফুল্লাহেল মাজেদ মনোনয়নের জন্য ১১টি ইউপির পৃথক তালিকা কেন্দ্রে জমা দেন। দুজনেই কেন্দ্রে নিজেদের প্রার্থীর পক্ষে তদবির করায় ঈশ্বরগঞ্জের মনোনয়ন চূড়ান্ত হয় একেবারে শেষ সময়ে। বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ার ১৫ দিন আগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় তারা আগে থেকেই নিজেদের অবস্থান সুদৃঢ় করে নেয়। ১১টি ইউপিতেই বিএনপির মনোনয়ন পান লুৎফুল্লাহেলের প্রার্থীরা। মনোনীত প্রার্থীদের পক্ষে নুরুল কবীর ও তাঁর সমর্থকেরা কাজ করেননি বলে পাঁচজন প্রার্থী অভিযোগ করেন।
উচাখিলা ইউপিতে বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দুজন ব্যক্তি নিজেদের সভাপতি দাবি করেন। এতে তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন না আসলে কে সভাপতি। নির্বাচনের আগে আমি দুই নেতাকে বলেছিলাম, চরাঞ্চলের বিএনপির সমর্থকেরা আওয়ামী লীগে ভোট দেওয়ার কথা ভাবছেন। আপনারা চরে কাজ করে বিএনপির ভোটারদের ধানের শীষে ভোট দেওয়া নিশ্চিত করেন। লুৎফুল্লাহেল মাজেদ এক দিন ওই এলাকায় গেলেও নুরুল কবীর যাননি। এ পরিস্থিতিতে চরের চারটি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে মাত্র ৭৭টি ভোট।’
রাজিবপুর ইউপিতে বিএনপির প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির কোন্দলের কারণে অঙ্গ-সংগঠনের নেতারা বিভ্রান্তিতে পড়েন। অনেক চেষ্টা করেও অঙ্গ-সংগঠনের নেতাদের বিএনপির পক্ষে মাঠে নামানো যায়নি। অঙ্গ-সংগঠনের অনেকেই আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে অন্য দলের প্রার্থীর কর্মী হিসেবে কাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক চেয়ারম্যান পদপ্রার্থী বলেন, নির্বাচন চলাকালে বিএনপির তৃণমূলের অনেক নেতা ভোটারদের কাছে গিয়ে বলেছেন, বিএনপির প্রার্থী পাস করবেন না। তাঁকে ভোট দিলে ভোট নষ্ট হবে। উপজেলা বিএনপির কোন্দলের কারণেই এমন হয়েছে বলে দাবি করেন এ প্রার্থী।
সাবেক সাংসদ নুরুল কবীর বলেন, ‘বিএনপির পরাজয়ের কারণ দলীয় কোন্দল, এটা ঠিক। তবে কোন্দল তো আমি একা সৃষ্টি করি না।’ তিনি আরও বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন। তবে আমি বিএনপির প্রার্থীর বিপক্ষে কাজ করেছি, এটা সঠিক নয়।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ বলেন, ‘বিএনপির ভরাডুবির অনেক কারণের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল একটি। পরাজিত প্রার্থীদের নিজেদেরও অনেক সমস্যা ছিল। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচিতির বাইরেও সামাজিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা লাগে। সেটা অনেকের ছিল না।’