কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন: খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় হটলাইন চালু করা হবে। বর্জ্য অপসারণে করপোরেশন ঘোষিত সময়ের পরও কোথাও কোরবানির পশুর বর্জ্য পড়ে থাকলে তা অপসারণে নাগরিকেরা হটলাইনের সাহায্য নিতে পারবেন। হটলাইনে ফোন করলেই করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা দ্রুতই আবর্জনা অপসারণ করবেন।
আজ বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ কথা বলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে কোরবানির স্থান প্রস্তুত করা হয়েছে।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে নগরীকে বর্জ্যমুক্ত করার সব প্রস্তুতি শেষ করেছে। তিনি পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যেই নগরীকে কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে পারবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ডিএসসিসি গত বছর ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিল। এ সময়ের মধ্যে তারা বর্জ্য অপসারণে নিজেদের শতভাগ সফল বলে দাবি করে। তবে এবার কত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে, তা এখনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সংস্থাটির পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, কোরবানির হাট ও কোরবানির স্থান নিয়ে কথা বলবেন ডিএসসিসির মেয়র।
মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা অনুষ্ঠানে স্মৃতি সংসদ সভাপতি মোহাম্মদ মানিক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়াসহ ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, মো. সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।