কৌশল ঠিক করছেন খালেদা-তারেক
খালেদা জিয়াসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার হলেও যাতে মাঠপর্যায়ের আন্দোলন অব্যাহত থাকে, সে লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি অঞ্চলভিত্তিক হরতাল দিচ্ছে বিএনপি। এ ধরনের কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে জেলা ও অঞ্চলভিত্তিক নেতাদের মৌখিক নির্দেশনা ও ক্ষমতা দিয়ে রাখা হয়েছে।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, এটাকে চলমান আন্দোলনের কৌশল হিসেবেও নির্ধারণ করা হয়েছে; যাতে টানা অবরোধে শিথিলতা এলে অঞ্চলভিত্তিক হরতালের মাধ্যমে চাঙা করা যায়। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার সড়ক-মহাসড়কেও যাতে এর প্রভাব পড়ে। তা ছাড়া চলমান আন্দোলন যে তৃণমূলে ছড়িয়ে পড়েছে, অঞ্চলভিত্তিক হরতাল কর্মসূচির মধ্য দিয়ে সেটি বোঝানোরও একটা ব্যাপার আছে।
দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর জ্যেষ্ঠ ছেলে লন্ডনে অবস্থানরত তারেক রহমান মিলিতভাবে চলমান আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করছেন। তবে চলমান আন্দোলন সরাসরি পরিচালনা করছেন খালেদা জিয়া।
আবার রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই কর্মসূচি নির্ধারণে মূল ভূমিকা রাখছেন। তিনি টেলিফোন করে আঞ্চলিক নেতাদের দিয়ে হরতাল দেওয়াচ্ছেন, যা কেন্দ্রীয় নেতাদের অনেকেই জানেন না।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাত সমুদ্র তের নদীর ওপার থেকে তারেক রহমান কীভাবে, কার সঙ্গে যোগাযোগ করে কর্মসূচি দেওয়াচ্ছেন, সেটা অন্তত আমার জানা নেই। তবে তিনি দলের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি যদি কারও সঙ্গে যোগাযোগ করে কোনো কর্মসূচির পরামর্শ দিয়ে থাকেন, সেটা নিশ্চয় দলের চেয়ারপারসনও জানেন।’
দলীয় সূত্রগুলো জানায়, বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, খালেদা জিয়া গ্রেপ্তার হলে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়ার মতো পরিস্থিতি নাও থাকতে পারে। গত ৩১ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট, মুঠোফোন ও ডিশ কেব্ল সংযোগ বিচ্ছিন্ন করা তারই পূর্বাভাস বলে মনে করছেন নেতারা। এরপর একটি পর্যায়ে খালেদা জিয়াকে নিঃসঙ্গ বা গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপি। এ রকম পরিস্থিতির কথা মাথায় রেখে অবরোধ কর্মসূচি শুরু হওয়ার পরপরই বিএনপির শীর্ষ পর্যায় থেকে দলের বিভাগীয় ও জেলার নেতাদের স্থানীয়ভাবে কর্মসূচি দেওয়ার নির্দেশনা দিয়ে রাখা হয়। আর জেলা বা বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা গ্রেপ্তার হলে, যাতে এর পরের স্তরের নেতারা হাল ধরেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। এ ছাড়া আন্দোলন চলাকালে যেসব এলাকায় নেতা-কর্মীরা গুম-খুন বা নির্যাতনের শিকার হবেন, সেখানে আলাদা হরতাল দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের চট্টগ্রাম মহানগরের সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নেতা-কর্মীদের যেভাবে হত্যা, গুম, নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর করা হচ্ছে, তাতে আমরা আমাদের মতো করে কর্মসূচি দিচ্ছি। এ জন্য কেন্দ্রের নির্দেশনার প্রয়োজন হচ্ছে না।’ তিনি দাবি করেন, সরকার দেশের নাগরিক সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাইকে ভয় দেখাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বরখাস্ত বা বদলির ভয় দেখানো হচ্ছে। এভাবে ভয় দেখিয়ে কত দিন চালাবে? এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও অনুশোচনা হচ্ছে।
এদিকে ২০ দলের একাধিক সূত্র জানায়, চলমান এই আন্দোলনে বিএনপির অন্যতম মিত্র জামায়াত এখনো সর্বাত্মকভাবে মাঠে নামেনি। তাঁরা পূর্ণ শক্তি নিয়ে নামার জন্য সময়-সুযোগের অপেক্ষায় আছে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একটি আদর্শবাদী রাজনৈতিক দল হিসেবে জামায়াত যখন যা করে, তা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে করে। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন দিন দিন আরও জোরদার হবে।’
গত ৬ জানুয়ারি থেকে অবরোধ শুরুর পর বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানকে গুলি করার প্রতিবাদে ১৫ জানুয়ারি দেশব্যাপী প্রথম হরতাল দেয় ২০-দলীয় জোট। এরপর ২৫ জানুয়ারি ৩৬ ঘণ্টা, ৩০ জানুয়ারি ৭২ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি ৩৬ ঘণ্টা, সর্বশেষ কাল রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপি জোট। আবার, কাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবিরও।
দেশব্যাপী অবরোধের গত ৩২ দিনে সাতটি বিভাগে আঞ্চলিক হরতাল দেওয়া হয়েছে ৩৯ বার। এর কোনোটা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নামে, কোনোটা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নামে, আবার কোনোটা ২০-দলীয় জোটের ব্যানারে দেওয়া হয়। সর্বশেষ রাজশাহী অঞ্চলের ছাত্রশিবির ওই বিভাগের আটটি জেলায় কাল রোববার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে।
এ সময়ে সাত বিভাগে ৩৯ বার হরতাল দিয়েছে বিএনপি, জামায়াত-শিবির। এর মধ্যে সিলেট বিভাগে ১৪ বার, রাজশাহীতে ১০ বার, খুলনায় ও বরিশালে তিনবার করে ছয়বার এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে দুবার করে বিভিন্ন মেয়াদে হরতাল ডাকা হয়। এ ছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, নাটোর, সাতক্ষীরা, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা-উপজেলা আলাদা হরতাল ডাকা হয়।
আঞ্চলিকভাবে সবচেয়ে বেশি হরতাল ডাকা হয় সিলেটে। এর মধ্যে দলের স্থানীয় নেতাদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে বিএনপি ছয়বার, ছাত্রদল তিনবার, স্বেচ্ছাসেবক দল একবার এবং জামায়াত-শিবির চারবার হরতাল দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম প্রথম আলোকে বলেন, ‘নির্যাতনের মুখে আমরা বাধ্য হয়ে হরতাল দিচ্ছি।’
রাজশাহী বিভাগে বিএনপি ও জামায়াত ভিন্ন ভিন্ন দিনে ১০ দফায় ১৬৮ ঘণ্টা হরতাল দেয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুই দফায় আলাদা হরতাল পালন করে বিএনপি ও জামায়াত।
খুলনায় বিএনপি ও ছাত্রদল তিন দফায় মোট ১৪৪ ঘণ্টার হরতাল দেয়। খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাসুজ্জামান দাবি করেন, তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে এসব কর্মসূচি দিচ্ছেন।
জেলা পর্যায়ে সবচেয়ে বেশি হরতাল ডাকা হয় বগুড়ায়। চার দফায় মোট ১৬৮ ঘণ্টা হরতাল দেয় সেখানকার ২০-দলীয় জোট। এসব হরতালে কেন্দ্রের নির্দেশনা আছে কি না, জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, আন্দোলন শুরু হয়ে গেলে নির্দেশের প্রয়োজন পড়ে না।
নেতা-কর্মীরা মাঠে নেই, চোরাগোপ্তা হামলা কি আন্দোলন? এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম, ‘বিএনপি তো নকশাল পার্টি না যে চোরাগোপ্তা হামলা করবে। এগুলো ওরাই করছে, নাম দিচ্ছে আমাদের। জনগণের সম্পৃক্ততা না থাকলে এত দিন কর্মসূচি চলে কী করে?’
এভাবে আঞ্চলিক হরতাল দেওয়ার কৌশল সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, ‘যখন যে এলাকায় কেউ মারা যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, তখন ওই এলাকায় হরতাল দেওয়া হচ্ছে। এটা বিএনপির কৌশল কি না, তা জানি না। আমি বরাবরই একটা কথাই বলে আসছি, আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক। সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষায় শান্তি ফিরে আসুক। কারণ বর্তমান অবস্থা আর মানুষের সহ্যের মধ্যে নেই।’