কৌশল নির্ধারণে হিমশিম খাচ্ছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায়ে আন্দোলনের কৌশল ও রূপরেখা চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে বিএনপি।

দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ে ঢাকা মহানগরে দলের কমিটিগুলো পুনর্গঠন করতে না পারা, ছাত্রদলের কমিটি দেওয়ার পর অভ্যন্তরীণ কোন্দল, অঙ্গ-সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করতে না পারায় আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে বেগ পেতে হচ্ছে বিএনপিকে।

তবে এসবের মধ্যেও যত তাড়াতাড়ি সম্ভব বিএনপি রাজপথে নামতে চায়। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে ঢাকার বাইরে গণসংযোগ এবং ডিসেম্বর থেকে ইস্যুভিত্তিক কিছুটা কঠোর কর্মসূচিতে যাওয়ার চিন্তা করছে দলটি। সে ক্ষেত্রে তারা হরতালের মতো কর্মসূচির কথাও ভাবছে। আগামী জানুয়ারি মাস থেকে টানা আন্দোলনে যেতে চায় তারা।

তবে এর আগে দুই ঈদের পর আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি কিছু করতে পারেনি। মূলত দলের ঢাকা মহানগর কমিটি ও ছাত্রদলের কারণে আন্দোলনে নামা সম্ভব হয়নি বলে মনে করেন বিএনপির নেতারা।

তাই এবার সবকিছু গুছিয়ে পরিকল্পনা চূড়ান্ত করতে চান বিএনপির নেতারা। আগামীকাল বৃহস্পতিবার দলের নীতিনির্ধারণী পরিষদ স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা প্রথম আলোকে বলেন, বিএনপি এখনো আন্দোলনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও এখনো কিছু ঘাটতি আছে। তবে দ্রুত মাঠের আন্দোলনে যেতে না পারলে তাঁরা জনগণের এবং কর্মীদের আস্থা হারাবেন বলে তিনি মনে করেন। এ জন্য তাঁরা আন্দোলনের নতুন পরিকল্পনা করছেন। তবে এতে প্রধান বাধা ঢাকা মহানগর ও ছাত্রদলের পুনর্গঠন কার্যক্রম শেষ না হওয়া। কারণ এবার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকবে এই দুটি সংগঠন।

সূত্র জানায়, বিএনপি মনে করে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ঢাকায় আন্দোলন জোরদার করতে না পারায় বিএনপির আন্দোলন চূড়ান্ত সফলতা পায়নি। তাই বিএনপির চেয়ারপারসন চান এবার ঢাকায় কঠোর আন্দোলন করতে। ঢাকার মাঠ গুছিয়ে টানা আন্দোলনে যেতে চান তিনি। এ জন্য ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ১৮ জুলাই ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি করে তাদের এক মাসের মধ্যে মহানগরের সব ওয়ার্ড ও থানা কমিটি পুনর্গঠন এবং দুই মাসের মধ্যে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছিল। কিন্তু গত প্রায় চার মাসেও এসব কমিটি পুনর্গঠন শেষ হয়নি।

মহানগর বিএনপির একাধিক সূত্র জানায়, এবার ঢাকায় ১০০টি ওয়ার্ড থেকে ১২০টি সংগঠনিক ওয়ার্ড করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে আবার থাকছে মহল্লাভিত্তিক একাধিক ইউনিট কমিটি। তা ছাড়া থাকছে ৪৯টি সাংগঠনিক থানা কমিটি এবং কয়েকটি ইউনিয়ন কমিটি। সব মিলিয়ে মোট কমিটি হবে এক হাজার চার শয়ের বেশি। এর মধ্যে কিছু কমিটির গঠনপ্রক্রিয়া শেষ হয়েছে। সব কমিটি গঠন চূড়ান্ত হলে একসঙ্গে ঘোষণা করার চিন্তা আছে। তবে দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে ওয়ার্ড পর্যায়ে কমিটি না হওয়ায় নতুন কমিটি করার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া আছে মহানগরের সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও বর্তমান আহ্বায়ক মির্জা আব্বাসের সমর্থকদের দ্বন্দ্ব ও কোন্দল, মির্জা আব্বাসের সঙ্গে নতুন কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খানের টানাপোড়েন। সব মিলে ঢাকা মহানগরের কমিটি পুনর্গঠনও পড়ে গেছে দীর্ঘসূত্রতায়।

দলীয় সূত্র জানায়, বিএনপি চায় তাদের আন্দোলনে রাজপথে মূল ভূমিকায় থাকবে ছাত্রদল। এ জন্য গত ১৪ অক্টোবর সংগঠনটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এতে নতুন সমস্যা তৈরি হয়েছে। কমিটিতে পদ না পাওয়া নেতাদের একটি বড় অংশ কমিটি ঘোষণার দিন থেকেই বিক্ষোভ করে আসছে। ওই নেতারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, বিএনপির দুই নেতার গাড়িতে হামলাও চালিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে বহিষ্কার ও সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে সমস্যার সমাধান এখনো হয়নি। ছাত্রদলের কমিটি গঠনের এক মাস হতে চললেও এই সমস্যার কারণে নতুন কমিটি পুরোদমে কার্যক্রম শুরু করতে পারছে না।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি অনেক দূর এগিয়েছে, আন্দোলনের বাধাগুলো কাটিয়ে উঠছে। হয়তো সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল, সেসব কাটাতে চেয়ারপারসন উদ্যোগ নিয়েছেন। প্রায় ১৮ বছর ঢাকা মহানগরের কমিটি ছিল না। নতুন কমিটি হয়েছে, শিগগির পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ করবে। ছাত্রদলের নতুন কমিটির সমস্যা নিয়ে চেয়ারপারসন নিজে হস্তক্ষেপ করেছেন। চেয়ারপারসন ঢাকার বাইরে জনসভা করছেন। তৃণমূল সংগঠিত করা হচ্ছে। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। তবে সব মিলে আন্দোলন নতুন গতি পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।