ক্যানটিনে খেতে বসা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
গত রোববার রাত সোয়া আটটার দিকে হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।
এ এফ রহমান হলের শিক্ষার্থীরা জানান, রোববার দুপুরে হল সভাপতির অনুসারী প্রথম বর্ষের এক শিক্ষার্থী ক্যানটিনে খেতে যান। ক্যানটিনে বসার আসন ফাঁকা না পেয়ে তিনি সাধারণ সম্পাদকের অনুসারী আরেক শিক্ষার্থীকে দ্রুত খাওয়া শেষ করতে বলেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় ক্যানটিনে ভাঙচুর ও খাবার নষ্ট করা হয়।
সংঘর্ষে হল ছাত্রলীগের উভয় পক্ষের সাতজন আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ও রাকিব, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সোলাইমান, দর্শন বিভাগের বিল্লাল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রুবেল, সমাজবিজ্ঞান বিভাগের অটল এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের বোরহান। তাঁরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত সাতজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হল ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি হলের বাইরে ছিলেন। পরে তিনি হলে এসে মারামারির ঘটনা শুনেছেন। হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের মুঠোফোন বন্ধ ছিল।
স্যার এফ এ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কমিটির পাঁচজন সদস্যকে বহিষ্কার করার জন্য মূল কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।