ক্যাম্পাস ছাড়লেন বহিষ্কৃত সভাপতি ভারপ্রাপ্তর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান গত শনিবার দিবাগত রাতেই তাঁর অনুসারীদের নিয়ে ক্যাম্পাস ছেড়েছেন। অপরদিকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়া সহসভাপতি রাশেদুল ইসলাম গতকাল রোববার ক্যাম্পাসে মিছিল করেছেন।
বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসানের নেতৃত্বে ক্যাম্পাসে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি নিয়ে দলীয় টেন্টে এলে দুই নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং শহীদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে দলীয় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।
রাশেদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ ছাত্রলীগের শৃঙ্খলা ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রলীগকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দলীয় নেতা-কর্মীদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানকে শনিবার রাতে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সহসভাপতি রাশেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
বহিষ্কারের পরও অনুগত নেতা-কর্মীদের নিয়ে মিজানুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করছিলেন। এরপর শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পুলিশি নিরাপত্তায় হল ছেড়ে চলে যান।
হলের প্রাধ্যক্ষ আশরাফ উজ্ জামান বলেন, হলের ২২১, ২২২, ২২৪, ২৩১ ও ২৩২ নম্বর কক্ষে মিজানুর রহমান ও তাঁর অনুসারীরা থাকতেন। তাঁরা চলে যাওয়ার পর কক্ষগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে।