ক্যাম্পাসে ছাত্রলীগের এক পক্ষের প্রবেশ নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক পক্ষের ক্যাম্পাসে প্রবেশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক করাকে কেন্দ্র করে গতকাল রোববার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ওই পক্ষ ক্যাম্পাস ছেড়ে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী, ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে তিনটার দিকে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইমরান খানের পক্ষের ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী ক্যাম্পাসে যান।
এ সময় সহসভাপতি অঞ্জন রায় ও উত্তম কুমার দাস পক্ষের নেতা-কর্মীরা শাহ পরান হলের সামনে অবস্থান নেন। ক্যাম্পাসে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে সঞ্জীবন-ইমরান পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গত ২০ নভেম্বরের সংঘর্ষের সময়ে অস্ত্রধারীরাও উপস্থিত ছিল বলে অভিযোগ উঠেছে। অঞ্জন-উত্তমের পক্ষের অভিযোগ, সন্ধ্যা সাতটার দিকে বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে নিরাপত্তা দিয়ে ছাত্রলীগের ওই পক্ষকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।
উত্তম কুমার দাস অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২০ নভেম্বর সুমন চন্দ্র দাস নামে ছাত্রলীগ কর্মীর হত্যাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে প্রশাসনের সঙ্গে বৈঠক করে তাদের ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করছে।
ভারপ্রাপ্ত উপাচার্য নারায়ণ সাহা বলেন, ‘বৈঠকে সেই অস্ত্রধারীরা ছিল কি না তা প্রক্টর ও পুলিশ সদস্যরা ভালো বলতে পারবেন। আমি শুধু বৈঠক করে উত্তেজনা প্রশমন করেছি।’
গত ২০ নভেম্বর ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ওই দুই পক্ষের সংঘর্ষে সুমন মারা যান।