ক্রসফায়ার সমাধান নয়: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন। গতকাল অন্য একটি অনুষ্ঠানে বক্তব্য  দেন l ছবি: প্রথম আলো
রাশেদ খান মেনন। গতকাল অন্য একটি অনুষ্ঠানে বক্তব্য দেন l ছবি: প্রথম আলো

কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে জঙ্গি নিহত হওয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘দুর্বলতা’ বলে মনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, প্রতিদিনই দেখা যাচ্ছে, ক্রসফায়ারে জঙ্গি নিহত হচ্ছে। এই ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান নয়। এটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ও দুর্বলতা।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় পর্যটনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সামরিক সরকার ও বিএনপি-জামায়াতের ভোট ডাকাতির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে অবাধ নির্বাচনের ঐতিহ্য আমরা কায়েম করেছিলাম। কিন্তু এবারের ইউপি নির্বাচন সে ঐতিহ্য ধ্বংস করেছে। আর নির্বাচন কমিশন বসে বসে সেই ধ্বংসযজ্ঞ দেখেছে।’
মন্ত্রী বলেন, নির্বাচনব্যবস্থা পুনর্গঠন করা না গেলে গণতন্ত্র বিপন্ন হবে। সকল অর্জন ব্যর্থ হবে।
রাশেদ খান মেনন বলেন, দেশে আইএস নেই, তবে তাদের অনুগামী রয়েছে। এরাই গুপ্তহত্যা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে সাম্প্রদায়িকতা প্রবেশ করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের মধ্যেও এর ছাপ পড়েছে। যখনই কোনো ব্লগার নিহত হন, তখনই পুলিশ খুঁজে বেড়ায়, তিনি ধর্মবিরোধী কিছু লিখেছেন কি না। এটা ঠিক যে ধর্মবিরোধী কোনো লেখা উচিত নয়।
মন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বাজেটে সমতার যে কথা বলেছেন, তার দিকদর্শন খুব একটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু অর্থনীতি সমিতির সমীক্ষা অনুযায়ী এ দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৪ কোটি ৫৫ লাখ। প্রবৃদ্ধির সঙ্গে বেড়েছে বৈষম্য।
অর্থনৈতিক সন্ত্রাসী: দেশের ব্যাংকিং খাতের লুটপাটকারীদের ‘অর্থনৈতিক সন্ত্রাসী এবং অর্থনৈতিক জঙ্গি’ বলে মন্তব্য করেছেন জাসদের একাংশের মঈন উদ্দীন খান বাদল।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাদল বলেন, যারা সন্ত্রাস করে তাদের হরহামেশাই ক্রসফায়ারে দিতে দেখা যাচ্ছে। কিন্তু যেসব অর্থনৈতিক সন্ত্রাসী-অর্থনৈতিক জঙ্গি, যারা বাংলাদেশের হৃৎপিণ্ড খুবলে খায়, তাদের প্রতি কেন সহনশীলতা দেখানো হচ্ছে? তিনি বলেন, একের পর এক ব্যাংক কেলেঙ্কারি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারিতে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি দায়ী হলেও তাদের বিরুদ্ধে মামলা নেই। হল-মার্কে সাজা হয়নি। বেসিক ব্যাংক মামলায় নেই আবদুল হাই বাচ্চু। ডেসটিনিতেও সাজা হয়নি। এই অর্থের কুমিররা আইনকে গ্রাস করতে পারে।
বাজেটের ওপর আলোচনায় আরও অংশ নেন জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা, শামসুর রহমান শরীফ, হাছান মাহমুদ, নসরুল হামিদ প্রমুখ।