ক্রসফায়ারের প্রতিবাদ জানিয়েছে সিপিবি-বাসদ
ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাম এই দল দুটি এক যৌথ বিবৃতিতে দেশের বর্তমান নৈরাজ্যমূলক পরিস্থিতি থেকে রক্ষা পেতে দেশবাসীকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিপিবি ও বাসদ সব সন্ত্রাসীর বিচারের মুখোমুখি ও আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ওই বিবৃতিতে বলেন, ক্রসফায়ারের মতো চরম বেআইনি পদক্ষেপকে সাধারণ মানুষের কাছে বৈধতা দিতে পুলিশ ও র্যাব এখন সরকারদলীয় কর্মীদের ক্রসফায়ারে দিচ্ছে। সরকারের একজন মন্ত্রী যখন এই বেআইনি কাজকে ‘অ্যাকশন শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেন, তখন তা দেশবাসীর কাছে চরম হুমকি হয়ে দাঁড়ায়।
বাম নেতারা একের পর এক ব্লগার হত্যা, মায়ের পেটে শিশু হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়াকে দেশে গণতন্ত্রহীনতা ও রাজনৈতিক অস্থিরতাকে নির্দেশ করে বলে মন্তব্য করেছেন। তাঁরা এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে রক্ষা পেতে দেশবাসীকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।