ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

ক্রিকেট খেলা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ময়নামতি জাদুঘর মাঠে ওই সংঘর্ষ হয়।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ একে অপরকে দায়ী করছে। সংঘর্ষের পর খেলা বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনজন নেতা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১২ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সালমানপুর ময়নামতি জাদুঘর মাঠে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের মধ্যে খেলা শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে নজরুল ইসলাম হলের পক্ষের একজন ব্যাটসম্যানের একটি শট ছক্কা হয়েছে কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়। এ নিয়ে কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজন বরন বিশ্বাস এবং ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ওরফে শাওনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ক্রিকেটের স্ট্যাম্প ও ব্যাট দিয়ে মারামারি শুরু হয়। দফায় দফায় সংঘর্ষে অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস মিয়ার অনুসারী যুগ্ম সাধারণ সম্পাদক সজন বরন বিশ্বাস, ছাত্রলীগ কর্মী ইমরান, সিয়াম, আতিক আহত হন। এর মধ্যে সজনের বুকে ও বাম পায়ে গুরুতর জখম হয়। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে মাজেদের অনুসারী যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান ওরফে শাওন, উপপ্রচার সম্পাদক আহমেদ বোখারী, ছাত্রলীগ কর্মী সাব্বির ও কাজলের হাত ভেঙে যায়। তাঁদের নগরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে মাজেদ বলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সজন বরন বিশ্বাস উত্তেজিত হয়ে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে ধাক্কা দেয় ও তাঁর সঙ্গে হাতাহাতি করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, যাঁরাই এ ঘটনা ঘটিয়েছে, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ক্যাম্পাসের বাইরে জাদুঘর খেলার মাঠে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়েছে। এ ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে।