ক্ষতিগ্রস্ত জামায়াত কর্মীদের ত্রাণ দিতে বললেন রাঙ্গা

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হলে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদেরও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের মতোই তালিকাভুক্ত করে ত্রাণ দিতে হবে। কারণ তারা জামায়াত করলেও এ দেশের মানুষ, তাদেরও সাহায্য পাওয়ার অধিকার রয়েছে।’
আজ সোমবার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর ভাঙনকবলিত চর শিবের কুঠিগ্রাম পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তবে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে ক্ষতিগ্রস্ত সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীদের নাম তালিকাভুক্ত করা বা না করার বিষয়ে কিছু বলেননি।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভাদ্র মাসের অসময়ের বৃষ্টিতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার তিস্তা ও ধরলা নদীতে পানি বেড়েছে। এতে তিস্তা ও ধরলা পাড়ের জনপদগুলির নিচু এলাকার ঘরবাড়ি ও জমিতে পানি উঠেছে। আর কিছু স্থানে পানি কমতে শুরু করলেও সেখানে দেখা দিয়েছে ভাঙন। এসব এলাকার মধ্যে লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর ভাঙনকবলিত চর শিবের কুঠিগ্রাম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, জেলা জাপার ভারপ্রাপ্ত আহ্বায়ক এস কে খাজা মঈনুদ্দিন, জেলা জাপার সদস্যসচিব এ কে এম মাহাবুবুল আলম মিঠু প্রমুখ।
সম্প্রতি জাপার চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ জামায়াতে ইসলামীকে ছেড়ে বিএনপিকে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন সময় জাপার প্রেসিডিয়াম সদস্য প্রতিমন্ত্রী মসিউর রহমানের মুখে জামায়াতের লোকদের তালিকাভুক্ত করে সরকারি ত্রাণ দেওয়ার আহ্বানে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রতিমন্ত্রী মসিউর রহমান আজ সড়কপথে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের চর শিবের কুঠিগ্রামে আসেন। তাঁর সরকারি সফরসূচিতে লালমনিরহাটের ফুলবাড়ি-কুলাঘাট (ধরলা নদী) সংযোগ সেতুর নির্মাণকাজ পরিদর্শনের কথা থাকলেও তিনি সেখানে যাননি।