ক্ষমতা টিকিয়ে রাখতে ভয়ংকর পথ বেছে নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশে উগ্র ও জঙ্গিবাদের উত্থানের জন্য সরকারই দায়ী’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি দাবি করেন, সরকার ইচ্ছা করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং আন্তর্জাতিক সমর্থন লাভের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এই ভয়ংকর পথ বেছে নিয়েছে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল ও নিঃশেষ করে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে বলে আজ কিছু বিপথগামী উগ্রবাদী এই সুযোগ গ্রহণ করে দেশে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। জঙ্গিবাদের উত্থানের এই সুযোগ সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টির জন্য সরকারই দায়ী।’
মওদুদ আহমদ সরকারকে ‘এই ভয়ংকর পথ বর্জন করার’ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি মনে করি, দেশে সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনের দুটি পথ খোলা আছে। একটি হলো, অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। দুই. দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে দমন করা। এগুলো করলে দেশে জঙ্গিবাদ থাকবে না।’
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। আলোচকেরা বলেন, ৭ নভেম্বরের নায়ক আছেন, খলনায়কও আছে। জিয়াউর রহমান ছিলেন নায়ক। কিন্তু এই নায়ক সম্পর্কে লেখালেখি খুবই কম।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার ও আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।