ক্ষমতাচ্যুতের আশঙ্কায় দাবি মানছে না সরকার : নজরুল
সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় বিএনপির দাবি মানছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে। এ জন্য নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করছে। এটি ন্যায্য দাবি। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কিন্তু এই সরকার জানে, বিএনপির দাবি মানলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে জন্য স্থানীয় সরকার নির্বাচনেও তারা কারচুপির আশ্রয় নিয়েছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সে জন্য তারা জনগণের জন্য কোনো কাজ করবে না। তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরও করবে। ব্যাংকব্যবস্থা শেষ হয়ে গেছে। সব জায়গায় একই অবস্থা।
যুক্তরাষ্ট্রের আদালতে রায় হওয়া একটি মামলার প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জয়ের (সজীব ওয়াজেদ জয়) বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেনের যে অভিযোগ উঠেছে, সরকারের উচিত তার তদন্ত করা। কারণ, জনগণ এই টাকার উৎস সম্পর্কে জানতে চায়।
গাজীপুরের মেয়র (সাময়িকভাবে বরখাস্ত) এম এ মান্নানের মুক্তি দাবিতে ‘মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
ওই প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র, মানবাধিকার, আর্থিক প্রতিষ্ঠানসহ সবকিছু এই সরকার খেয়ে ফেলেছে। তারই ধারাবাহিকতায় সিটি করপোরেশন লুট করার জন্য সেখানকার নির্বাচিত মেয়রদের সরিয়ে দিচ্ছে। এম এ মান্নানসহ বিএনপির নির্বাচিত সব মেয়রকে কারাগারে ভরে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত করতে প্রেস কাউন্সিলের মাধ্যমে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান ছাড়াও দলের গাজীপুরের নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম।