ক্ষমতায় গেলে সম্প্রচার নীতিমালা বাতিল: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

বিএনপি আবার ক্ষমতায় গেলে সবার আগে সম্প্রচার নীতিমালা বাতিল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। 
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। 
দেশে গণতন্ত্র নেই, রাজনীতি নেই—এমন অভিযোগ করে মওদুদ বলেন, স্বৈরাচার সংবাদপত্র ভয় পায়, সমালোচনাকে ভয় করে। বর্তমান একনায়কতন্ত্র অতীতের ধারাবাহিকতা।
বর্তমান সরকার অতীতের স্বৈরাচারের চেয়েও নিষ্ঠুর—এমনটা দাবি করে বিএনপির এই নেতা বলেন, সরকার গণতন্ত্রের আবরণে সংবাদপত্রকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সংবাদপত্রের ওপর যারাই হাত দিয়েছে, তাদের হাত পুড়ে গেছে।
সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকায় এরশাদবিরোধী আন্দোলন সফল হয়েছিল—এমনটা উল্লেখ করে মওদুদ বলেন, সাংবাদিকদের মধ্যে আবার ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপি পুনরায় ক্ষমতায় গেলে কোনো টেলিভিশন চ্যানেল বন্ধ করা হবে না—এমন আশ্বাস দিয়ে মওদুদ বলেন, সাংবাদিকদের আর সাংবাদিকতার জন্য জেলে যেতে হবে না।
আগামীর বিএনপি সরকার বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন (দুদক),পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), নির্বাচন কমিশনসহ গণতন্ত্র সুসংহত করে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানান তিনি।
বিএনপির বর্তমান সংগ্রাম ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়, বরং হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম—এমনটা দাবি করে মওদুদ বলেন, বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী, যিনি এ আন্দোলনকে নেতৃত্ব দিতে পারেন।

বিএফইউজের সিনিয়র সহসভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।