ক্ষমতার উৎসকেই পুড়িয়ে মারছেন কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘কথায় বলেন জনগণই ক্ষমতার উৎস। তাকেই পুড়িয়ে মারছেন কেন? তাদের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছেন কেন?’
গতকাল শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এক সমাবেশে এরশাদ এ কথা বলেন। সহিংসতা, জ্বালাও-পোড়াও, দমন-নিপীড়নের বিরুদ্ধে দলের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।
এরশাদ বলেন, একটি দল জনগণকে জিম্মি করে রাজনীতি করতে চায়। মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলে মানুষ মারছে। এটা কি রাজনীতি? আমার প্রশ্ন, মানুষ মেরে কি ক্ষমতায় যাওয়া যায়? ক্ষমতায় যাওয়ার জন্য আর কত লাশের প্রয়োজন আপনাদের।’ তিনি জনগণকে ঘরে চুপ মেরে বসে না থেকে এর বিরুদ্ধে রাস্তায় প্রতিরোধে নামার আহ্বান জানান।
সহিংসতা দমনে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ। তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। আমি বলব, সরকার ব্যর্থ হয়েছে। এ জন্য সরকারকে একদিন জবাবদিহি করতে হবে।’
এরশাদ দাবি করেন ‘২৪ বছর আগে শান্তির জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। রক্তপাত চাইনি। শান্তি চাইলে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হোন।’ তিনি আওয়ামী লীগ ও বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা দুই দলমুক্ত বাংলাদেশ চাই। দুটি দলকে পরিত্যাগ করুন।’