ক্ষমতাসীনদের করুণ পরিণতি হবে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীনদের করুণ পরিণতি হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘জুলুমবাজ, অত্যাচারী এবং অস্ত্র নিয়ে যারা ক্ষমতায় থাকতে চায়, তারা কখনোই থাকতে পারবে না। এদের কঠিন বিচার হবে। করুণ পরিণতি হবে। তারা যেভাবে অত্যাচার করছে, আল্লাহ মানুষকে ইন্নালিল্লাহ বলারও সুযোগ দেবে না।’

গতকাল রোববার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানকালে খালেদা জিয়া এ হুঁশিয়ারি দেন। ইবনে আজাদ গত ৮ সেপ্টেম্বর নিহত হন। আওয়ামী লীগের লোকদের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ গুম, খুনের নীতিতে চলছে। এভাবে কেউ ক্ষমতায় থাকতে পারে না। আওয়ামী লীগও পারবে না। তিনি বলেন, ক্ষমতার লোভের পাশাপাশি তাদের টাকার লোভ তৈরি হয়েছে। এখন তারা নিজেরা নিজেরা মরছে। দেশে কোনো সরকার নেই। আইনের শাসন নেই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ অস্ত্র নিয়ে ঘুরছে। পুলিশ তাদের ধরছে না। বিশ্ববিদ্যালয়গুলো সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

খালেদা জিয়া নেতা-কর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘এরা নরপিশাচ। এরা ড্রাকুলা, রক্তের পিপাসায় মেতে উঠেছে।’ তাদের সময় ঘনিয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, নিহত ছাত্রদল নেতা ইবনে আজাদের মা নুরুন্নাহার, বাবা আবুল কালাম, স্ত্রী খাদিজা খানম উপস্থিত ছিলেন।