বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, ক্ষমতাসীনেরা এত খুনখারাবি, চুরিচামারি করেছে যে, বিচারের ভয়ে তারা ক্ষমতা ছাড়তে চায় না। মানুষের ভয়ে নির্বাচন দিতে চায় না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্বাণী হোটেলে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের ইফতারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, বিদেশিরা বলছে, বাংলাদেশে আজ গণতন্ত্র নেই। অতি দ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। কিন্তু ক্ষমতাসীনেরা নির্বাচন দিতে চায় না। কারণ তারা জানে, নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে।
সরকারের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের লোকেরা অপমান করুক, আর মানুষ খুন করুক; তারপরও তারা বিচারের ঊর্ধ্বে। তাদের ধরা হয় না, তাদের জেল হয় না। তিনি বলেন, তাদের মন্ত্রীরা অবাধে লুটপাট, চুরি করছে—এগুলো অপরাধ না। কারণ তারা আওয়ামী লীগ করে, তাদের সব অপরাধ মাফ।
ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী।