আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘মানুষের মনে কষ্ট দেবেন না। আপনারা ক্ষমতায় আছেন বলে ভয়ে কেউ কিছু বলে না। ক্ষমতা চলে গেলে মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’
গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ ২০ জনের বেশি কেন্দ্রীয় নেতা। তাঁদের সংবর্ধনা দিতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
জনসভায় ওবায়দুল কাদের বলেন, ‘দশটা ভালো উন্নয়ন হলে দুইটা খারাপ করলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। ফুল, ব্যানার ও কাগজে নাম লিখবেন না। হৃদয়ে নাম লেখেন, সেটা রয়ে যাবে।’ তিনি বলেন, ‘নেত্রীর বার্তা নিয়ে এসেছি। যে কলহ করবে, বিবাদ করবে, তার দলে থাকার কোনো দরকার নাই।’ বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে ভাববেন না। বিএনপি হলো বাংলাদেশ নালিশ পার্টি। তাদের কর্মসূচি হলো নালিশ করা।’
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদদীন খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ। বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
ঝিনাইদহ থেকে নিজস্ব প্রতিবেদক ও যশোর অফিস জানায়, সেতুমন্ত্রী এর আগে যশোর ও ঝিনাইদহে দুটি সভায় বক্তব্য দেন। দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে দল গোছাতে হবে। এর আগে দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি বলেন, ‘যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না।’