ক্ষমতায় যেতে বিএনপি আন্দোলন করছে না: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র-ভোটাধিকারসহ মানুষের হারানো অধিকারগুলো ফিরিয়ে আনতেই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আন্দোলন করছে।
আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি জোটের শরিক সাম্যবাদী দল (একাংশ) আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল এই দাবি করেন। ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের তানোরে নিহত ব্যক্তিদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জোটভুক্ত দলগুলোর সবার আদর্শ ও দর্শন আলাদা। কিন্তু এক জায়গায় সবার মিল আছে। তা হলো গণতন্ত্র পুনরুদ্ধারে সব দল এক।
বিচারবহির্ভূত হত্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিনই ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। হত্যা-গুম করা হচ্ছে। জঙ্গির নামে গ্রেপ্তার করে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। কিন্তু এসবের কোনো বিচার নেই। অথচ আইনমন্ত্রী বলছেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জনগণকে বোকা বানাতে এই সরকার সত্য লুকাতে চাইছে। অবৈধ ক্ষমতালিপ্সা সরকারকে অন্ধ করে রেখেছে। কিন্তু ইতিহাস বলে, এতে শেষ রক্ষা হয় না।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
জিয়াউর রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান নাজুক অবস্থা থেকে বের হতে বিএনপিকে জিয়াউর রহমানের ইতিহাস, তাঁর জীবনীর ওপর আরও নজর দিতে হবে। জিয়াউর রহমান জানতেন যে তিনি অনেক কিছুই জানেন না। তাই তিনি শিখতে চাইতেন, শুনতে চাইতেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বইটির লেখক মাহফুজ উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।