ক্ষমা চাইবেন না সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন বলে দাবি করেছেন সাংসদ এ কে এম সেলিম ওসমান। তাঁর দাবি, সেদিন তিনি ওই শিক্ষকের জীবন রক্ষা করেছেন। দেশজুড়ে এ নিয়ে তীব্র প্রতিবাদ চললেও জাতীয় পার্টি থেকে নির্বাচিত এই সাংসদ বলেছেন, ফাঁসি হয়ে গেলেও এ ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান এসব কথা বলেন। এ সময় তাঁর পাশে নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
১৩ মের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সেলিম ওসমান বলেন, শিক্ষক শ্যামল কান্তি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ তুলে এলাকার লোকজন তাঁকে সকালে পিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে একটি আলাদা ঘরে নিয়ে রাখে।
সেলিম ওসমান বলেন, ‘আমি সেখানে গিয়েছি বিকেল চারটায়। গিয়ে দেখি অন্তত পাঁচ হাজার লোক সেখানে জড়ো হয়েছে। আমি সেখানে যাওয়ামাত্র এলাকার লোক আমাকে বলেছে, “ওই শিক্ষককে আমাদের হাতে ছেড়ে দেন। আমরা কুচি কুচি করে ফেলব।” কিন্তু আমি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাইনি।’
সেলিম ওসমান দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কথা তাঁর কাছে স্বীকার করেন এবং শাস্তি হিসেবে কান ধরে ওঠবস করার প্রস্তাব নিজেই দেন। এতে তিনি রাজি হলে শিক্ষক স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেন। সেলিম ওসমান বলেন, ‘আমি যা করেছি, একজন মানুষের জীবন রক্ষার জন্য করেছি।’ শিক্ষকের উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের ভেলোরে পাঠাতে সহায়তা করবেন বলেও জানান স্থানীয় এই সাংসদ।
শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে সরকারি কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেলিম ওসমান বলেন, তদন্ত কমিটির কেউ তাঁর সঙ্গে কথা বলেননি। তাঁর কাছে শিক্ষকের ধর্মীয় কটূক্তির যথেষ্ট প্রমাণ আছে। শিক্ষকের পরিবার তাঁর কাছে লিখিত স্বীকারোক্তি দিয়েছে বলেও দাবি করেন সাংসদ।
শিক্ষক লাঞ্ছনার জন্য ক্ষমা চাওয়ার দাবি প্রসঙ্গে সেলিম ওসমান বলেন, তাঁর ফাঁসি হয়ে গেলেও তিনি ক্ষমা চাইবেন না। বরং একজন ইমানদার মুসলমান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’ বলে স্লোগান দেন।
বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গতকালও দেশের অন্তত ১১টি জেলায় বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
খুলনা প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত নাগরিক সমাজের’ উদ্যোগে অংশগ্রহণকারীরা নিজেদের কান ধরে প্রতিবাদ জানান। বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন করা হয়।
এ ছাড়া বরগুনার আমতলী, পিরোজপুর, ঝিনাইদহ, ময়মনসিংহ, নরসিংদীর শিবপুর ও সিরাজগঞ্জে নানাভাবে প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।