ক্ষমা চাইলেন সাংসদ এনামুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাঁচজনকে ক্রসফায়ার দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি’ গণমাধ্যমে এমন বক্তব্য প্রকাশের পর ঢাকা-১৯ আসনের (সাভার) সাংসদ এনামুর রহমান দলের ভেতরে ও বাইরে চাপের মধ্যে পড়েছেন। আতঙ্কে রয়েছেন বিরোধী দলের নেতা-কর্মীসহ অনেকেই। তবে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন সাংসদ।

সাংসদের বরাত দিয়ে গত বুধবার ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিকে ওই সংবাদ ছাপা হয়।

সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার স্ত্রী নার্গিস আক্তার গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদকের কাছে ফোন করে জানতে চান, ক্রসফায়ারের তালিকায় তাঁর স্বামীর নাম আছে কি না।

সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন, পত্রিকায় সাংসদের বক্তব্য প্রকাশের পর থেকে অনেকেই তাঁর কাছে ফোন করে ক্রসফায়ারের তালিকায় তাঁদের নাম আছে কি না, তা জানতে চাচ্ছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের দলের সব পর্যায়ের নেতা-কর্মী, বিশেষ করে যাঁরা দায়িত্বশীল পদে আছেন, তাঁদের সাবধানতার সঙ্গে কথা বলতে হবে।’

মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ এনামুর রহমান বলেন, ‘আমার বক্তব্যের জন্য আমি লজ্জিত। জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করছি। পাশাপাশি নিজের দোষ শিকার করে ফেসবুক আইডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমার বক্তব্য প্রত্যাহার করেছি।’ এ ধরনের বক্তব্যের জন্য সরকারের ভেতর থেকে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বকাঝকার পাশাপাশি তাঁকে তিরস্কার করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতের জন্য সাবধান করে দেওয়া হয়েছে।