ক্ষমা চেয়ে নির্বাচনের প্রস্ততি নিন: হাছান
আবারও নির্বাচন বানচালের চেষ্টা না করে বিএনপিকে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারের চার বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ২০১৮ সাল নির্বাচনের বছর। এই বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আবারও নির্বাচন বানচালের চেষ্টা না করে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুতি নিতে পারে।
পদ্মাসেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে, খালেদা জিয়ার এই মন্তব্যের কারণে হাছান মাহমুদ খুবই চিন্তিত বলেও জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের সমালোচনা না করে এই ভাষণকে অভিনন্দন জানিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। তিন বলেন, বর্তমানে গ্রামেও উন্নয়নের চিত্র খুঁজে পাওয়া যায়। জুয়েল আইচ বা পি সি সরকারের জাদুর কাঁঠির ছোঁয়ায় দেশে ব্যাপক উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের ছোঁয়ায় এই উন্নয়ন সম্ভব হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান আওয়ামী লীগের মুখপাত্র হাছান মাহমুদ। তিনি বলেন, যদি আরও কয়েকবার সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে নির্বাচিত করা যায়, তাহলে বিশ্বের মানুষ উন্নয়নের উদাহরণ হিসেবে মালয়েশিয়া, সিঙ্গাপুর না—বাংলাদেশের উন্নয়নের গল্প শুনবে। দেশের স্বার্থে উন্নয়ন কার্যক্রমগুলো চলমান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার প্রধান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের উপদেষ্টা জাকির আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।