জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দলীয় কোন্দল ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন দিতে না পারায় ২৩ মে অনুষ্ঠিত নির্বাচনে এই অবস্থা হয়েছে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা।
নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ৮ হাজার ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী নবীউল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪ হাজার ৬২৫ ভোট। আর বিএনপির প্রার্থী খুরশিদ আলম চৌধুরীর প্রাপ্ত ভোট মাত্র ৬৫০। খুরশিদ আলম চৌধুরী জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ও নবীউল জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী পক্ষের রাজনীতির সঙ্গে জড়িত।
জয়পুরহাট জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ২ মার্চ কেন্দ্রীয় বিএনপি জয়পুরহাট জেলা বিএনপির আংশিক ২৬ সদস্যের কমিটির নাম ঘোষণা করে। এতে সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানকে সভাপতি, আরেক সাবেক সাংসদ গোলাম মোস্তফাকে জ্যেষ্ঠ সহসভাপতি ও নাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। বিষয়টি মেনে নিতে পারেনি গোলাম মোস্তফার পক্ষ। এর জের ধরে ৯ মার্চ একটি পক্ষ জয়পুরহাট শহরে বিএনপির কার্যালয় পুড়িয়ে দেয়। এ ঘটনায় মোজাহার আলী প্রধানের সমর্থক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাজী মনজুরে মওলা বাদী হয়ে মোস্তফাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পাল্টা মামলা করেন মোস্তফার সমর্থক হাসানুজ্জামান আলম। সর্বশেষ ৯ মে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের উপস্থিতিতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কর্মিসভা ভন্ডুল হয়ে যায়।
জেলার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এক ইউপি চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা বিএনপির রাজনীতিতে ব্যাপক কোন্দল, স্থানীয় নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে ব্যক্তির পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। এ জন্য বিএনপির ঘাঁটিতে একের পর এক প্রার্থীর ভরাডুবি ঘটছে। যার বড় উদাহরণ ক্ষেতলাল পৌর নির্বাচনে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। কোন্দল নিরসন না হলে আগামীতে আরও ভরাডুবি অপেক্ষা করছে।
মোজাহার আলী প্রধানের অভিযোগ, গোলাম মোস্তফা দলীয়ভাবে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করে মনোনয়ন নিয়েছেন। খুরশিদ আলম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছিলেন। তিনি ক্ষেতলাল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নবীউল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছিলেন। তিনি আরও বলেন, বিএনপির ঘাঁটিতে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বিএনপির জন্য লজ্জার।
গোলাম মোস্তফা মুঠোফোনে দাবি করে বলেন, প্রার্থী মনোনয়ন সঠিক ছিল। কিন্তু ভোটের দিন ভোটকেন্দ্রে সরকারি দলের নেতা-কর্মীরা বিএনপির ভোটারদের ভয়ভীতি দেখানোয় তাঁরা ভোট দিতে পারেননি। তা ছাড়া দলের একটি অংশ দলীয় প্রার্থীর পক্ষে ভোট করেননি। সরকারি দল ভোটারদের বাধা দেওয়ায় নির্বাচনের ফলাফল বিএনপি প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।