ক্ষোভে 'খন্দকার' উপাধি বাদ দিলেন সাংসদ
খন্দকার মোশতাক আহমেদ ও এ কে খন্দকারের প্রতি ধিক্কার জানিয়ে পাবনা-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খন্দকার নিজের নাম থেকে ‘খন্দকার’ উপাধি বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিগগিরই তিনি এফিডেভিট করে নাম সংশোধন করবেন। আজ শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের এক বর্ধিত সভায় তিনি এ ঘোষণা দেন।
গোলাম ফারুক বলেন, ১৯৭১: ভেতরে বাইরে বইয়ের লেখক মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর উপপ্রধান সেনাপতি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ও বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী খন্দকার মোশতাকের নামের সঙ্গে ‘খন্দকার’ উপাধি থাকায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় গোলাম ফারুক বলেন, ‘তাঁদের দুজনের নামের সাথে “খন্দকার” উপাধি থাকায় আমি বিব্রত ও অপমানিত বোধ করছি। এ কারণে আজ (শনিবার) থেকে আমার নামের উপাধি “খন্দকার” অংশ প্রত্যাহার করে নিলাম। আমি এখন থেকে আমার নামের সাথে “খন্দকার” ব্যবহার করব না।’ সাংবাদিকদের তিনি তাঁর নামের সঙ্গে এই উপাধি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।
এ সময় পাবনার আরেক সাংসদ খন্দকার আজিজুর রহমান গোলাম ফারুকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পাবনা-২ আসনের এ সাংসদ বলেন, পরবর্তী সময় তিনিও নিজের নাম থেকে ‘খন্দকার’ উপাধি বাদ দেবেন।
ভূমিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এম সাইদুল হকসহ দলের নেতা-কর্মীরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজ রাতে গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘নিজের নামের সঙ্গে “খন্দকার” বহন করতে লজ্জা পাচ্ছিলাম। তাই প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই নামের এই অংশ (খন্দকার) বাদ দেওয়ার আইনগত প্রক্রিয়াগুলো সম্পন্ন করব।’