কড়া নিরাপত্তায় ১৪ দলের জঙ্গিবাদবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দলের ডাকে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবাদ বিরোধী সমাবেশে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। ছবি: সাহাদাত পারভেজ
১৪ দলের ডাকে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জঙ্গীবাদ বিরোধী সমাবেশে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। ছবি: সাহাদাত পারভেজ

দোয়েল চত্বর থেকে কাঁটাতারের ব্যারিকেড। দাঁড়িয়ে শতাধিক পুলিশ সদস্য। আবার টিএসসির মোড় থেকে ডাসের সামনে দিয়ে শহীদ মিনারে যাওয়ার রাস্তাতেও ব্যারিকেড দেওয়া। সেখানেও রয়েছে পুলিশি প্রহরা। এভাবেই কড়া নিরাপত্তায় ১৪ দলের জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যাঁরা ব্যাগ নিয়ে ওই পথে যাচ্ছেন, তা চেক করা হচ্ছে। বিপুলসংখ্যক পুলিশও মোতায়েন করা হচ্ছে। সমাবেশে আসা ব্যক্তিদের আর্চওয়ে দিয়ে ঢুকতে হচ্ছে।

সমাবেশে আসা ১৪ দলের নেতা-কর্মীরা বলছেন, বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) নেই। তাঁদের মতে, জামায়াত-শিবিরই সাম্প্রতিক জঙ্গি হামলায় মদদ দিচ্ছে এবং একে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার কোনো বিকল্প নেই।

রমনা থানার আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমান বলেন, ‘এখন দেশে যেসব নিকৃষ্ট জঙ্গি হামলার ঘটনা ঘটছে, তার প্রতিবাদ জানাতে আজকে আমি সমাবেশে আসছি। আমরা দিকনির্দেশনা পেতে আসছি। নেতারা যেভাবে বলবেন, সেভাবেই আন্দোলন গড়ে তোলা হবে।’

বাংলাদেশে ইসলামিক স্টেট বা আইএসের কোনো তৎপরতা নেই বলে মনে করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন। তিনি বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এগুলো আইএস করছে না। করছে জামায়াত-শিবির। দেশের শত্রুরা এভাবে যেন ক্ষতি করার সুযোগ না পায়, সে জন্য রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশের তরীকত ফেডারেশনের মিরপুর এলাকার কর্মী বিপ্লব হোসেন বলেন, দেশে জঙ্গিবাদ দূর করার প্রত্যাশা নিয়েই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ কেউ সাধারণ শিক্ষার্থীদের ‘ব্রেন ওয়াশ’ করে জঙ্গিবাদে উৎসাহিত করছে। এই ব্যক্তিরাই দেশে জঙ্গিবাদের প্রসারে কাজ করছে। এদেরকেই আগে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ মৌলবাদী বক্তব্য দিচ্ছে কি না, তা–ও নজরদারিতে রাখতে হবে। তবেই জঙ্গিবাদ নির্মূলে সফলতা আসবে।

জঙ্গিবাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মনে করেন সমাবেশে যোগ দিতে আসা আবুল কালাম। তিনি জাতীয় ডিজিটাল পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। তিনি বলেন, প্রশাসন ও রাজনৈতিক দল যদি একসঙ্গে কাজ করে, তবেই বর্তমান সংকটের সমাধান সম্ভব হবে।

নারায়ণগঞ্জ থেকে আসা বাংলাদেশে শ্রমিক লীগের কর্মী আইয়ুব আলী বলেন, বাংলাদেশে সবার যার যার ধর্ম পালন করার অধিকার রয়েছে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানো দরকার।

বৃষ্টি উপেক্ষা করেই দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুর্শেদা আক্তার ডেইজি। তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির একজন সদস্য। তিনি বলেন, ‘আমরা আগে মনে করতাম যে মাদ্রাসাগুলো জঙ্গিদের মূল পৃষ্ঠপোষক। কিন্তু সাম্প্রতিক হামলাগুলোতে উচ্চশিক্ষিত ও বিশ্ববিদ্যালয়–পড়ুয়া তরুণেরাও জড়িত রয়েছে। তাই এখন পরিবারভিত্তিক নৈতিক শিক্ষার খুব প্রয়োজন। দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে কম বয়সী ছেলেমেয়েদের এ ব্যাপারে বোঝাতে হবে। এভাবে সামাজিক আন্দোলন গড়ে তুললে জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে।’