কয়েক বছরে আওয়ামী লীগে জামায়াতীকরণ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, গত কয়েক বছরে আওয়ামী লীগে জামায়াতীকরণ হয়েছে। আওয়ামী লীগ ও প্রশাসনের ভেতরে জামায়াতে ইসলামীর লোকজন ঢুকে পড়েছে। তারা সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে।
অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত অভিযোগ করেছেন, গত কয়েক বছরে সংখ্যালঘুদের ওপরে হামলায় আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। তিনি বলেন, সরকারি দলের লোকেরা যদি এ ধরনের হামলায় জড়িত হয়, তাহলে এই দেশে হিন্দুরা আর বেশি দিন থাকতে পারবে না।
গতকাল শুক্রবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘৭২ এর সংবিধান পুনঃ প্রবর্তনে বাধা কোথায়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় অন্য বক্তারা বলেন, বাহাত্তরের সংবিধান থেকে সরে আসাতেই দেশে সাম্প্রদায়িক সহিংসতা ও হামলার সূত্রপাত ঘটেছে। তবে স্বাধীনতা-পরবর্তী দেশের ওই প্রথম সংবিধানে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব।
রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ওই সভায় আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তির সঙ্গে আপস না করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের মূল চেতনায় ফিরে যেতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজনীতি। ওই সংবিধানে ফিরে না গেলে রামু, সাঁথিয়া ও নাসিরনগরের মতো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটতেই থাকবে।
জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম মুক্তিযুদ্ধের চেতনাকে উঁচুতে রাখা একটি পাথরের সঙ্গে তুলনা করে বলেন, ‘ওই পাথর আমরা তুলে এমন জায়গায় স্থাপন করি, যা আবারও গড়িয়ে নিচে নেমে আসে। তার মানে আমরা পাথরটি সঠিক জায়গায় স্থাপন করছি না।’ তিনি আরও বলেন, ‘আমরা সব সময় দেখতে পাই, দেশের জরুরি সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিলে তার সমাধান হয়। সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের ব্যাপারে শেখ হাসিনাকেই তৎপর হতে হবে।’
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, রাষ্ট্রের যদি ধর্ম থাকে, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে যুক্ত করার বিষয়ে হেফাজতের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল। সামরিক শাসন চলা অবস্থায় এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে যুক্ত করেছিলেন। এখন এই সরকারের সময়ে এসে কেন তা থাকবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুদের ওপর হামলার ঘটনা যদি বিএনপি-জামায়াতের আমলে ঘটত, তাহলে আমাদের কিছু বলার থাকত না। কিন্তু এটি আওয়ামী লীগের আমলে ঘটছে বলে আমরা চিন্তিত হয়ে পড়েছি।’ তিনি আরও বলেন, যেকোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে।
রানা দাশগুপ্ত বলেন, পাবনার সাঁথিয়ায় হিন্দুদের ওপর হামলা করেছে বিএনপি-জামায়াতের লোকজন। কিন্তু হামলার পর হিন্দুদের বাড়ি লুটপাটে অংশ নিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর আত্মীয়স্বজন। নাসিরনগরে হিন্দুদের বাড়িতে হামলায় উসকানি দিয়েছেন মন্ত্রী ছায়েদুল হকের ভাগনে এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
রানা দাশগুপ্ত আরও বলেন, ১৯৪৭ সালে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ছিল জনসংখ্যার ৩০ শতাংশ। ১৯৭০-এ তা ২০ শতাংশে নেমে আসে। এখন এই সংখ্যা মাত্র ৯ শতাংশ। এভাবে চলতে থাকলে বাংলাদেশ সংখ্যালঘুশূন্য হয়ে যাবে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রবিরোধী। এ ধরনের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক বৈতরণি পার হওয়ার চেষ্টা যদি কেউ করে, তাহলে ভুল হবে। এভাবে এগোলে সামনে অনেক বিপদ আছে।
আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘সাম্প্রদায়িক শক্তিকে দমনের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা যখন কথা বলি, তখন একটা কথা তাদের কাছে শুনতে পাই—এর মধ্যে একটা হিসাব আছে। এই হিসাবে এসেই সবকিছু আটকে যাচ্ছে।’
আরও বক্তব্য দেন মুজিবনগর সরকারের সহকারী সচিব সৈয়দ মাহবুবুর রশিদ ও শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর।