কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক
বিএনপির কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের হোটেল লেক শোরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বের হওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কাছে সাংবাদিকেরা জানতে চান, হঠাৎ করে বৈঠকটি কী নিয়ে। জবাবে মওদুদ আহমদ বলেন, ‘এই যে দেশে ক্রাইসিস চলছে, প্রধান বিচারপতির ছুটি নিয়ে, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে। একটা রায়কে কেন্দ্র করে এমন ক্রাইসিস। বিচার বিভাগকে সরকারের ডিফেন্ড (রক্ষা) করার কথা, কিন্তু সরকারই বিচার বিভাগকে আক্রমণ করছে। দেশে তো বিচার বিভাগের স্বাধীনতা বলে আর কিছু থাকল না।’
বৈঠক সূত্রে জানা গেছে, চীন, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, নেপাল, মালদ্বীপসহ কয়েকটি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও আবদুল মঈন খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সম্পর্কে বিএনপির অন্য কোনো নেতা কথা বলতে রাজি হননি।