প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান বলেছেন, কয়েকটি পত্রিকা নারায়ণগঞ্জে ‘অপরাজনীতি’ উসকে দেওয়ার চেষ্টা করছে। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠক চলাকালে জেলা প্রশাসককে উদ্দেশ করে জাতীয় পার্টির এই সাংসদ বলেন, ‘আমি আপনাকে বিষয়টি জানিয়ে গেলাম। এরপর এ রকম হলে আমি যার যার ব্যবস্থা তাকে নিতে বলব। নিজেও আইনের আশ্রয় নেব।’ তবে এ সময় সেলিম ওসমান কোনো পত্রিকার নাম উল্লেখ করেননি। কীভাবে পত্রিকাগুলো তাঁর ভাষায় অপরাজনীতি উসকে দিচ্ছে, এ বিষয়েও বিস্তারিত কিছু বলেননি। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বক্তব্য দেওয়ার সময় সেলিম ওসমানের এ অভিযোগ সম্পর্কে কিছু বলেননি।