খন্দকার মোশাররফ বললেন...
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের আদমপুর প্রামাণিকপাড়া-সংলগ্ন মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ১৫৩ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। বর্তমান সরকার দেশে যে উন্নয়নমূলক কাজ করছে এবং বিএনপির ভ্রান্তনীতির কারণে আগামীতে দেশে বিএনপির কোনো অস্তিত্বই থাকবে না। তখন আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাউকে পাওয়া যাবে না। আগামী সংসদ নির্বাচনে আমরা ২০০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হব।’
কুমার নদের ওপর নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করে ফরিদপুর পৌর আওয়ামী লীগের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। ২১ লাখ ৭০ হাজার ১৭৫ টাকা খরচ করে এ সেতুটি নির্মাণ করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জলিল শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের ডিসি সরদার সরাফত আলী ও এসপি জামাল হাসান।