খাগড়াছড়িতে বিএনপির মিছিলে পুলিশের বাধা?
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে গতকাল বুধবার খাগড়াছড়িতে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী, সহসাংগঠনিক সম্পাদক এম এন আফসার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান প্রমুখ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া বলেন, নেতা-কর্মীরা শহরে মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারতেন।
মানি লন্ডারিংয়ের মামলায় বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।