খাগড়াছড়িতে বিএনপির ৫ শতাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান
খাগড়াছড়িতে বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোক র্যা লি বের করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলের সামনে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা হয়।
শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা। সভার আগে বিএনপির খাগড়াছড়ি ইউনিয়ন শাখার সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আম্যে মারমা, পানছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রত্ন তঞ্চঙ্গ্যা ও উপজেলা যুবদলের সভাপতি মো. এরশাদের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।