খাগড়াছড়ি ও নোয়াখালীতে বিএনপির মিছিলে বাধা
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালী ও খাগড়াছড়িতে বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে শহীদ মিনারের সামনে সমাবেশ করে বিএনপি।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলমগীর, নোয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের।
বিএনপির মিছিলে বাধা দেওয়ার বিষয়টি স্বীকার করে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এিদকে গতকাল সকালে দলীয় নেতা-কর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দিকে যেতে চাইলে ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মারমা, মণীন্দ্র কিশোর ত্রিপুরা, মংসাথোয়াই চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।