খাগড়াছড়ি জেলা ছাত্রলীগে বিভক্তি, কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত না মানা এবং অন্তঃকোন্দলে জড়িয়ে পড়ায় খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
ছাত্রলীগের স্থানীয় সূত্র জানায়, গত পৌর নির্বাচনের পর জেলা ছাত্রলীগ দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। এর একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন। পৌর নির্বাচনে টেকো নৌকা প্রতীকের পক্ষে এবং জহির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই রফিকুল আলমের পক্ষে কাজ করেন। সর্বশেষ গত ২৯ জুলাই সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কেন্দ্রীয় কমিটি বৈঠক করে দ্বন্দ্ব মিটিয়ে দলীয় কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি একত্রে পালনের নির্দেশ দেয়। এরপরও দ্বন্দ্ব না মেটায় বুধবার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের জেলা ও উপজেলার কয়েকজন নেতা বলেন, জেলা ছাত্রলীগের বিভক্তির কারণে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরাও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
জহির উদ্দিন বলেন, ‘২৯ জুলাই আমাদের কেন্দ্রীয় কমিটির নেতারা ডেকে সব ভুল-বোঝাবুঝির অবসান করে একত্রে কর্মসূচি পালনের নির্দেশ দেন। তাঁরা আওয়ামী লীগের কোন্দলের সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ত না হতে পরামর্শ দেন। কিন্তু সভাপতি টেকো চাকমা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে একতরফাভাবে দলের কর্মকাণ্ড করছেন। আমি বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো পর বুধবার জেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।’
টেকো চাকমা বলেন, ‘পৌর নির্বাচনে সাধারণ সম্পাদক জহির উদ্দিন নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে জানিয়েছি। এ ছাড়াও সাধারণ সম্পাদক পৌর নির্বাচনের পর থেকে ছাত্রলীগের নেতাদের সঙ্গে সমন্বয় করেননি। আমি একতরফাভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি না। ছাত্রলীগের সব নেতার সঙ্গে পরামর্শ ও সিদ্ধান্তে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়ে আমি লোকমুখে শুনেছি।’