খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে গতকাল বুধবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি এই অবরোধের ডাক দেয়।
গতকাল অবরোধ চলাকালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকালে মানিকছড়িতে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ-সমর্থকেরা। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাকীব বলেন, সকাল সাতটার দিকে মানিকছড়ি কলেজসংলগ্ন তেঁতুলতলায় পেট্রল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ-সমর্থকেরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
এদিকে অবরোধের কারণে সাজেকগামী কিছু পর্যটক খাগড়াছড়ি শহরে আটকা পড়েন। পরে পুলিশ তাঁদের দীঘিনালা পর্যন্ত পৌঁছে দেয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নান বলেন, সাজেক ভ্রমণের উদ্দেশ্যে এসে যেসব পর্যটক খাগড়াছড়িতে আটকা পড়েন, তাঁদের পুলিশ পাহারায় দীঘিনালা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গত রোববার দিবাগত রাতে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী।