
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ডাকা সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়।
পাহাড়ি ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসন বাধা দিয়েছে—এই অভিযোগে গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবরোধ শুরুর আগে গতকাল সকাল সাড়ে ৫টার দিকে গুইমারা বাইল্যাছড়ি এলাকায় সংবাদপত্র পরিবহনের কাজে নিয়োজিত একটি গাড়ি লক্ষ্য করে পাহাড়ের ওপর থেকে ঢিল ছোড়েন পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা। এতে বেলায়েত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি আহত হন। একই সময় আলুটিলা এলাকায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও ছয়টি নৈশকোচ ভাঙচুর করা হয়। এ সময় আরও ১০ যাত্রী আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে শহরের দক্ষিণ খবংপুড়িয়া, ফায়ার সার্ভিস, চেঙ্গী ব্রিজ, খাগড়াপুর এলাকাসহ বিভিন্ন উপজেলায় পিসিপির নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। অবরোধ চলাকালে শহরের বিভিন্ন স্থানে অন্তত সাতটি টমটম ভাঙচুর করা হয়। অবরোধ চলাকালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলেনি।
খাগড়াছড়ি পরিবহন মালিক ও শ্রমিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি বলেন, অবরোধ-সমর্থকদের হামলায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন, সেন্ট মার্টিন ও ঈগল পরিবহনের ছয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ১০ জন যাত্রী আহত হয়। খাগড়াছড়ি সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক হাসান উদ্দিন বলেন, সংবাদপত্রবাহী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়া হলেও দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, পুলিশের ওপর কয়েক দফা হামলা হয়েছে। তবে পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা বলেন, তাঁদের কর্মীরা সংবাদপত্রের কোনো গাড়িতে হামলা করেননি। কারণ সংবাদপত্রবাহী গাড়ি অবরোধের আওতামুক্ত ছিল।