
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী ভোটারদের বিপুল উপস্থিতি দেখা যায়।
সকাল ৭টা ৪৫ মিনিটে গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। ভোট দেওয়ার জন্য আগেভাগেই কেন্দ্রের সামনে এসে বসে আছেন অনেক নারী।
বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রেও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মফিজ উদ্দিন জানান, বেলা ১১টার মধ্যে ৮৭২টি ভোট পড়েছে।
বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
সিন্দুকছড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় নতুন ভোটার তেবশ্রি ত্রিপুরার সঙ্গে। প্রথমবারের মতো ভোট দেওয়া তেবশ্রি ত্রিপুরা বলেন, ‘ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। নাগরিক হিসেবে সেই অধিকার প্রয়োগ করলাম।’
বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কথা হয় মল্লিকা মারমার (৭১) সঙ্গে। তিনি বলেন, ‘নাতির হাত ধরে অনেক কষ্ট করে ভোট দিতে এসেছি। ভোট দেওয়ার পর ভালো লাগছে।’
গুইমারা ইউনিয়নের গুইমারা উচ্চবিদ্যালয়, সিন্দুকছড়ি ইউনিয়নের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাফছড়ি ইউনিয়নের তৈর্কমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা যায়।
সিন্দুকছড়ি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেদাক মারমা বলেন, কিছু বহিরাগত এসে ঝামেলা করার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ায় কোনো সমস্যা হয়নি। মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে।
গুইমারা উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, ভোটারদের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
রামগড় সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ন রশীদ বলেন, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।