খাদিজার ওপর হামলার কারণ সরকারি দলের প্রশ্রয় : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারি দলের প্রশ্রয়ের কারণে সিলেটে খাদিজা বেগমের ওপর ছাত্রলীগ নেতার হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
হামলার ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ ঘটনা থেকে আবারও প্রমাণিত হয়েছে যে সন্ত্রাসীরা কোথায় প্রশ্রয় পাচ্ছে, তারা কীভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। ছাত্রলীগের একজন নেতা খাদিজাকে হত্যার উদ্দেশ্যে নরপিশাচের মতো কুপিয়েছে। শুধু সিলেটের এ ঘটনা নয়, দেশে আরও বহু ঘটনা ঘটেছে। সরকারি দলের প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কর্তব্যরত চিকিৎসক তাঁকে জানিয়েছেন, খাদিজা এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী। গত সোমবার পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম (২৬)। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন।