খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন ওয়ার্কার্স পার্টির ৬ সাংসদ
সরকারি ধান ও গম ক্রয় কেন্দ্রের দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ এবং ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন ওয়ার্কার্স পার্টির ছয় সাংসদ। আজ মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে সাংসদেরা সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেন। জাতীয় কৃষক সমিতির পক্ষে এটি দেওয়া হয়।
স্মারকলিপি দেওয়া শেষে ফজলে হোসেন প্রথম আলোকে বলেন, মন্ত্রী তাঁদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যদি কৃষকেরা সুযোগসুবিধা না পান, তাহলে তাঁরা (কৃষক সমিতি) আন্দোলনে যেতে বাধ্য হবেন।
স্মারকলিপিতে বলা হয়, কৃষকদের অবদানের জন্য বাংলাদেশ আজ ধান-চাল রপ্তানিকারক দেশ হিসেবে উন্নীত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কিছু মধ্যস্বত্বভোগী ক্রয় কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তা ও বিশেষ ক্ষমতাবান গোষ্ঠীর সহায়তায় সরকারি ক্রয় কেন্দ্রগুলো দখল করে নিয়েছে। এর পর তারা কৃষকদের সরাসরি ওই সব কেন্দ্রে গিয়ে ধান ও গম বিক্রিতে বাধা দিচ্ছে। সরকারি মূল্য কৃষকেরা কোথাও পাচ্ছেন না।
স্মারকলিপিতে আরও বলা হয়, এভাবে কৃষকদের ধান ও গমের ন্যায্যমূল্য দিতে প্রধানমন্ত্রীর মহতী উদ্দেশ্যকে নস্যাৎ করা হচ্ছে। এ ছাড়া সরকারের খাদ্যশস্য ক্রয়-বিক্রয়ের দ্বৈত নীতির ফলে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। যে কারণে চালের বাজার পড়ে গেছে। কৃষকসহ ক্ষুদ্র, মাঝারি, চাতাল ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমাধানে তাঁরা ছয় দফা দাবি জানিয়েছেন।
স্মারকলিপি দেওয়ার সময় সাংসদ বাদশাহ ছাড়াও ছিলেন সাংসদ হাজেরা সুলতানা, মুস্তফা লুৎফুল্লাহ, শেখ হাফিজুর রহমান, ইয়াসিন আলী ও শেখ টিপু সুলতান।
আরও ছিলেন কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
ছয় দফা দাবির অন্যগুলো হলো কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত ৮৮০ টাকা মণ দরে ধান এবং ১১২০ টাকা মণ দরে গম কেনা, ওজনে চুরি বন্ধ করা, সরকার ঘোষিত ধান ও গমের নির্ধারিত মূল্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে প্রচার করা এবং কৃষকেরা যাতে কম পরিবহন খরচে তাঁদের ধান ও গম বিক্রি করতে পারেন, সে জন্য প্রতি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্রের শাখা খোলা।