খায়েশ থাকলে উর্দি খুলে রাজনীতির মাঠে নামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক ও র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ রংপুরের মিঠাপুকুরে ‘রীতিমতো রাজনৈতিক বক্তব্য’ দিয়েছেন বলে অভিযোগ করেছে ২০-দলীয় জোট।
বিএনপির নেতৃত্বাধীন এই জোট গতকাল শনিবার এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে বলেছে, ‘নিরাপত্তা বাহিনীর যেসব কর্মচারীর রাজনৈতিক খায়েশ রয়েছে, আমরা তাঁদের উর্দি খুলে প্রজাতন্ত্রের চাকরিতে ইস্তফা দিয়ে রাজনীতির মাঠে নামার আহ্বান জানাচ্ছি।’
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জোটের পক্ষে এই বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে এমন সব চরম দলবাজ লোকদের বসানো হয়েছে যে তাঁরা এখন আইনকানুন এবং তাঁদের আওতা, পরিধি ও কর্তব্যের সীমারেখা মেনে চলারও ধার ধারছেন না। গত শুক্রবার রংপুরের মিঠাপুকুরে পুলিশের আইজি ও র্যা বের ডিজি জনসভায় রাজনীতিবিদদের ভাষণের মতো রীতিমতো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। জাতীয় নির্বাচন কখন হবে না হবে, সে ব্যাপারেও তাঁরা মন্তব্য করেছেন। আন্দোলনকারীদের জীবননাশের হুমকি দিয়ে ক্ষমতাসীনদের পক্ষে ‘শেষ রক্তবিন্দু দিয়ে’ লড়াই করার কথা বলেছেন।
বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বলা হয়, ক্ষমতাসীনেরা এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জে ১১ হত্যাসহ গুম-খুনসহ বিভিন্ন ঘটনায় বিতর্কিত র্যা ব বিলুপ্ত করার জন্য দেশে-বিদেশে দাবি উঠেছে। র্যা বের নতুন ডিজি র্যা বের ভাবমূর্তি ফিরিয়ে আনার বদলে আরও বিতর্কিত ও গণবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এর আগে বিজিবির ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদও একইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। এই বিতর্কিত কর্মকর্তাদের কারও কারও নিকটাত্মীয় শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
বিবৃতিতে ‘দলবাজ’ কর্মকর্তাদের বেআইনি আদেশ-নির্দেশ না মেনে ‘প্রকৃত সন্ত্রাসীদের’ বিরুদ্ধে আইনসম্মত কর্তব্য পালন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ২০-দলীয় জোট।