নেতা-কর্মীদের শুদ্ধ ও সংশোধন হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচিত হয়ে যেসব জনপ্রতিনিধি জনগণের সঙ্গে খারাপ আচরণ করেছেন, তাঁদের নিজ এলাকার মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এ নির্দেশ ও পরামর্শ দেন। জেলহত্যা দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘যাঁদের আচরণ একটু খারাপ। যাঁরা লোকজনের সঙ্গে ক্ষমতার অহংকারে খারাপ আচরণ করেছেন, জনপ্রতিনিধি হয়েও নিজেদের পা অহংকারে মাটিতে পড়ে না; শুদ্ধ হয়ে যান, সংশোধন হোন। যাঁরা খারাপ আচরণ করেছেন, তিনি যে এলাকার সেই এলাকার মানুষের কাছে ক্ষমা চান।’ তিনি নেতা-কর্মীদের বলেন, এখন ভাষণ কম, অ্যাকশন বেশি। এই অ্যাকশন বলতে ইতিবাচক অ্যাকশন, নেতিবাচক নয়।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তা আজকে আমাদের পার্টির চেয়ে বেশি। শেখ হাসিনা যে জনপ্রিয়তা নিয়ে বিশ্ব দরবারে দেশ চালাচ্ছেন, প্রশংসিত হয়েছেন, বিশ্ব দরবারে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগকেও সেইভাবে জনপ্রিয় করতে হবে, শক্তিশালী করতে হবে।’ তিনি বলেন, সরকার শক্তিশালী আর আওয়ামী লীগ দুর্বল হলে, দুর্বল আওয়ামী লীগ সরকারের মধ্যে হারিয়ে যাবে। সেটা আওয়ামী লীগের জন্য শুভ লক্ষণ নয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সদস্য আমিনুল আলম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম প্রমুখ।
এর আগে দুপুরে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বর্ধিত সভায়ও বক্তব্য দেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আবর্জনা ও পরগাছা মুক্ত করতে চাই। এ জন্য আওয়ামী যুবলীগকে সহায়তা করতে হবে।’