খাল দখল করে কার্যালয়, পরে ব্যক্তিস্বার্থে ভাড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা বাজারে সরকারি খাল দখল করে কার্যালয় বানিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ। সেই কার্যালয় ব্যক্তিস্বার্থে ভাড়ায় দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছে।
যশোর প্রেসক্লাবে দুপুরে এই সংবাদ সম্মেলন করেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান আবুল হোসেন ও তাঁর সমর্থকেরা। এতে লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, ২০১২ সালে পারখাজুরা বাজারে খালের ৬ শতক খাসজমির ওপর স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করা হয়। মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুপ আলী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পরে ব্যক্তিস্বার্থে ওই কার্যালয় ভাড়ায় দিয়েছেন। ভাড়া গ্রহীতা সেখানে এখন সেলুনের ব্যবসা করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মশিয়ার রহমান, সহসভাপতি আবদুল আলীম গাজী, আমজেদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার সরদার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এম মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান প্রমুখ।
দলীয় সূত্র বলছে, ওই কার্যালয়ের আধিপত্য নিয়ে সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষের সঙ্গে ইউপি চেয়ারম্যানের পক্ষের দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জেরেই গতকাল সংবাদ সম্মেলন করল ইউপি চেয়ারম্যানের পক্ষ।
অভিযোগ অস্বীকার করেছেন মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুপ আলী। তিনি প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের অফিস কাউকে ভাড়া দেওয়া হয়নি। সরকারি খালের ওই খাসজমি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনছুর আলীকে দিয়ে দখল করানো হয়। তাঁর সঙ্গে মৌখিক চুক্তি হয়, ওই জমির এক পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান হবে; অন্য পাশে হবে দলীয় কার্যালয়। এক প্রশ্নের জবাবে ইউসুপ বলেন, ‘দল-দারি করি, সরকারি জমি দখল করে ফেলেছি। এখন কী আর করা। সরকার চাইলে জমি ফেরত দিয়ে দেব।’