খালি ব্যাগ ও থালা হাতে মানববন্ধন
সচরাচর মানববন্ধন যেমন হয়, এটি তেমন ছিল না। হ্যাঁ, সারি ধরে মানুষ ছিল। ছিল তাদের সুনির্দিষ্ট দাবি। ব্যতিক্রম হলো, এখানে অংশ নেওয়া সবাই সামনে খালি ব্যাগ রেখেছিলেন। ছিল ফাঁকা থালাও। আর স্লোগান, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাও, মানুষ বাঁচাও।’
এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখা। আজ শনিবার খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অসাধু লুটেরা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। এতে একদিকে যেমন কৃষক তার ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ক্রেতাদের বাজার থেকে চড়া দামে পণ্য কিনতে হচ্ছে। এতে একটি মোটা অঙ্কের অর্থ চলে যায় লুটেরাদের পকেটে।
বক্তারা বলেন, সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেও সাধারণ স্বল্প আয়ের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে। দেশ ক্রমাগত নীরব দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। বক্তারা প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সভাপতি মো. বাবুল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সুমনা সোমা। জেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালীর পরিচালনায় অন্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা নগর সভাপতি এইচ এম শাহাদৎ, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, জনউদ্যোগ খুলনার আহ্বায়ক কুদরত-ই-খুদা, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, শিক্ষক সমিতির খুলনা অঞ্চল সহসভাপতি নিতাই পাল, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) জেলা সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।