খালি মাঠে খেলতে ভালো লাগে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিদেশিরা যখন বিএনপিকে সন্ত্রাসী দল বলে, তখন আমাদের লজ্জা লাগে।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, সাহস থাকলে নির্বাচনে আসেন, পালাবেন না। খালি মাঠে খেলতে ভালো লাগে না। 

আজ রোববার দুপুরে কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম এসব কথা বলেন।

খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সাহস থাকলে নির্বাচনে আসেন, পালাবেন না। খালি মাঠে খেলতে ভালো লাগে না। আমরা খালি মাঠে খেলতে চাই না। নির্বাচন কমিশন হয়ে গেছে। রেফারিও নিযুক্ত হয়ে গেছে। জার্সি পরে আসেন। আপনার জার্সি ধানের শীষ আর আমাদের জার্সি নৌকা। ২০১৯ সালেই নির্বাচন হবে। বর্তমান নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, অন্য কোনোভাবে নয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক চালু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দেয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার ওই ক্লিনিক চালু করে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের আদালত নয়, কানাডার আদালত বলেছে বিএনপি সন্ত্রাসী দল। বিদেশিরা যখন বিএনপিকে সন্ত্রাসী দল বলে, তখন আমাদের লজ্জা লাগে।’

কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী প্রমুখ।

এদিকে বিকেলে স্বাস্থ্যমন্ত্রী নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে সিজারিয়ান অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এরপর উপজেলার দৌলখাড় উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য দেন।