খালিশপুর বিএনপির কমিটি বিলুপ্ত, ছয়জনকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগর কমিটির কোষাধ্যক্ষসহ ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বিলুপ্ত করা হয়েছে খালিশপুর থানা কমিটি। এ ঘটনায় খালিশপুর থানার নেতারা মহানগর সভাপতিকে ওই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। গত শনিবার খুলনা মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ও খালিশপুর থানা কমিটির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান, সহসম্পাদক কাজী একরাম, মহানগরের সহ-সমাজকল্যাণ সম্পাদক ও খালিশপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম, থানার প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম।
দলীয় সূত্রে জানা গেছে, নগর বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর একটি পক্ষের নেতৃত্বে ছিলেন আরিফুর রহমান। নগর বিএনপির আগামী সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন। ৫ নভেম্বর থানা বিএনপির নির্বাহী কমিটির সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওয়ার্ড বিএনপির সভাপতিসহ পাঁচজন আহত হন। এরপর থেকেই নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও আরিফুর রহমানের অনুসারীরা মুখোমুখি অবস্থান নেন। শনিবার দুপুরে নগর বিএনপির সভা আহ্বান করেন নজরুল ইসলাম। সভায় খালিশপুর থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাবেক সাংসদ সেকেন্দার আলী ডালিমকে আহ্বায়ক ও স ম আবদুর রহমানকে সদস্যসচিব করে ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে আরিফুর রহমানসহ ছয়জনকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যাপারে নজরুল ইসলাম বলেন, খালিশপুরে সম্মেলন করার পরিবেশ নেই। এ জন্য মূল কমিটি ভেঙে দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।