খালে বিএনপি নেতার ভবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি খোকন হাওলাদার সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে ৫ জুন তিনি আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙিয়ে দেন। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি খোকন হাওলাদার সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে ৫ জুন তিনি আওয়ামী লীগের সাইনবোর্ড টাঙিয়ে দেন। ছবিটি গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে খালের জমিতে আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে বিএনপির স্থানীয় এক নেতা দোতলা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন, দলীয় নেতা-কর্মী ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বার্থী ইউনিয়নের টরকী নীল খোলা থেকে রাজিহার ভায়া চেঙ্গুটিয়া খালের সাদ্দাম বাজার এলাকায় কয়েক সপ্তাহ ধরে খালের জমিতে দোতলা ভবন নির্মাণকাজ চলছে। এই কাজ করাচ্ছেন ধানডোবা গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন হাওলাদার (৪৫)। অথচ এলাকার কৃষকদের সেচ-সুবিধা ও ফসল পরিবহনে একমাত্র মাধ্যম হচ্ছে এই খাল। দখলের কারণে এ খালটি সংকুচিত হয়ে গেছে। এতে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই তাঁরা নির্মাণকাজে বাধা দেন। তাতে কাজ না হওয়ায় গত ৩০ মে তাঁরা উপজেলা ভূমি কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) মো. মিজানুর বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর ভূমি কর্মকর্তার নির্দেশে বিষয়টির তদন্ত করে নির্মাণকাজ বন্ধ রাখতে ৫ জুন খোকন হাওলাদারকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ভূমি কার্যালয়ের আদেশ উপেক্ষা করে নির্মাণকাজ চালু রাখা হয়েছে।’
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সাদ্দাম বাজারের সেতুর গোড়ায় ১০ ফুট প্রস্থ ও প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের দোতলা ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের সামনে একটি সাইনবোর্ড ঝোলানো রয়েছে। তাতে লেখা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নম্বর ওয়ার্ড কার্যালয় ও সহযোগী সংগঠন, গৌরনদী, বরিশাল। ভবনের ভিত্তির কাজ শেষে একতলার ছাদ ঢালাই হয়েছে। এখন দোতলার কাজ চলছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ী শামীম হাওলাদার, ফয়সাল হোসেন ও কবির খান বলেন, ভূমি কার্যালয়ের লোকজন এসে কাজ বন্ধের নোটিশ দেওয়ার পরও ৫ জুন দিবাগত রাতে খোকন হাওলাদার ভবনের সামনে আওয়ামী লীগের সাইনবোর্ড ঝুলিয়ে নির্মাণকাজ চালু রাখেন।
বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. মালেক খান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. খোকন হোসেন ও সদস্য আ. খালেক খান বলেন, কারও অবৈধ দখলদারি বজায় রাখতে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হবে—এটা মেনে নেওয়া যায় না। বিএনপির সভাপতি হয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে অবৈধ কাজ করা এক ধরনের ধৃষ্টতা।
জানতে চাইলে বার্থী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লক্ষ্মী কান্ত বৈদ্য বলেন, ‘আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি আমাকে জানানোর পর বিএনপির নেতার কাছে তীব্র প্রতিবাদ জানিয়ে সাইনবোর্ড অপসারণ করতে বলেছি। অবৈধ নির্মাণকাজ বন্ধ করতে সরকারি কর্মকর্তাদের সহায়তা দেওয়া হবে।’
বিএনপির নেতা মো. খোকন হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।