খালেদা অন্ধকারে ঢিল ছুড়ছেন: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের জন্ম, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাদের বিকাশ, তারা তো এমন কথা বলবেই। কিছু না পেয়ে বিএনপি নেত্রী এখন অন্ধকারে ঢিল ছুড়ছেন। অন্ধকারে ঢিল ছুড়বেন না।
গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। গত মঙ্গলবার রাতে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন বাইরে ফিটফাট, ভেতরে ষড়যন্ত্র। জঙ্গিরা তলে তলে ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের আরও বলেন, আশকোনায় জঙ্গিদের স্টাইলের মধ্যে নতুনত্ব দেখা গেছে। তারা পরিবারভিত্তিক ‘মিলিট্যান্ট স্কোয়াড’ গঠন করেছে। এ জন্য প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রমুখ।