খালেদা অবরোধ ডেকে নিজেই অবরুদ্ধ: নৌ মন্ত্রী

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া অবরোধ ডেকে নিজেই অবরুদ্ধ হয়ে আছেন। বাংলার মানুষ তাঁর কথা শোনে না। খালেদা জিয়ার নেতৃত্বে পাকিস্তানি দালালরা শ্রমিকদের হত্যা করে রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না।
আজ বুধবার রাজধানীতে শাহবাগ চত্বরে হরতাল-অবরোধের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন। তিনি সমন্বয় পরিষদের আহ্বায়ক। এ প্রতিবাদ সভায় জানানো হয়েছে, পরিষদের পক্ষ থেকে অন্যান্য কর্মসূচির পাশাপাশি ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাত্রা করা হবে।
নৌমন্ত্রী বলেন, শ্রমিকেরা ২০ দলের হরতাল-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। প্রতিবাদ সমাবেশের পরে এক বিক্ষোভ মিছিল শাহবাগ চত্বর থেকে বের হয়ে বাংলা মটরে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে জেড এম কামরুল আনামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান , ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, শ্রমিকনেতা ওসমান আলী প্রমুখ।
এ ছাড়া সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত এক মানববন্ধনে নৌমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের শিকড় অনেক মজবুত। সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।